অক্টোবর শেষের পথে। আর কিছুদিনেই শীতের আমেজে মজবে আমজনতা। মরসুমের নতুন সবজি, নতুন ফল উপভোগ করতেও আর বেশিদিন বাকি নেই। শীত আসার আগেই তাই জেনে নিতে পারেন সহজ চটজলদি রেসিপি। যা ভাত কিংবা রুটি - দু'ইয়ের সঙ্গেই জুরি মেলা ভার।
আজকের সহজ রেসিপি - পাহাড়ি মশলা ফুলকপি
প্রথমে ছোটো টুকরো করে ফুলকপি কেটে, তা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কিউব করে কেটে নিন টমেটো এবং ক্যাপসিকাম।
এরপর তৈরী করতে হবে মসলা। যার জন্য লাগবে গোটা জিরা, গোটা ধনে, মৌরি, গোল মরিচ, জিরা পাউডার, ধনে পাউডার, ধনে পাতা, লঙ্কা গুড়ো। গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিতে পারেন, কিংবা বেটেও নিতে পারেন।
এরপর তেল গরম করে, তাতে এক চামচ হিং , শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিন বানিয়ে রাখা মশলা। ভালো করে কষিয়ে নিন, মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিন টুকরো করে কাটা ক্যাপসিকাম ও টমেটো। কাঁচা ভাব চলে গেলেই এতে যোগ করুন সেদ্ধ করে রাখা ফুলকপি। ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিতে হবে স্বাদ মতোন নুন, সামান্য চিনি। নামানোর আগে অবশ্যই দিতে হবে গরম মশলা। তৈরী পাহাড়ি মশলা ফুলকপি। এটি ভাত-রুটি-লুচি কিংবা পরোটা সহযোগে খেতে পারেন।