নরেন্দ্র মোদির শাসনে ভারত "স্বাধীন" থেকে "আংশিক স্বাধীন" হয়ে যাচ্ছে। এমনটাই রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম হাউস। এই সংস্থা গণতন্ত্র রক্ষার বিষয়ে বিশ্বের কোন দেশের সরকার বা বিচার বিভাগীয় ব্যবস্থা কতটা সক্রিয় বা নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ বা দেশের মানুষের কতটা অধিকার সুরক্ষিত আছে বা দেশের মানুষ রাজনীতির সাথে কতটা যুক্ত তা মূল্যায়ন করে। সমস্ত বিষয় নিরিখে আমেরিকান সংস্থা ফ্রিডম হাউস মূল্যায়ন করে একটি স্বাধীনতা সূচক প্রকাশ করে। সেই সূচকে ২০২০ সাল অব্দি ভারত "স্বাধীন" দেশ হিসেবে চিহ্নিত ছিল। তারপর ২০২১ সালে তা "আংশিক স্বাধীন" হিসেবে চিহ্নিত হয়েছে।
সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে স্বাধীনতা সূচকে ভারত ১০০ এর মধ্যে ৭৭ পেয়েছিল। ২০২০ সালে সেই সূচক নেমে এসে দাঁড়ায় ৭১ এ। এবার চলতি বছরে ভারতের প্রাপ্ত স্কোর ৬৭। রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে যে মোদি সরকারের আমলে ভারতে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস হতে বসেছে। এই রিপোর্টে নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। তারা সরাসরি রিপোর্টের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ করেছে এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, "ফ্রিডম হাউসের রিপোর্ট পুরোপুরি বিভ্রান্তিকর। গোটা দেশ বিভিন্ন রাজনৈতিক দল চালাচ্ছে। সে ক্ষেত্রে নির্দিষ্ট একটি দল বা সরকারকে দোষারোপ করা ঠিক নয়।"