কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই বাজেট তৈরি করুক রাজ্য, বার্তা নরেন্দ্র মোদির। এদিন নীতি আয়োগের পরিচালন পরিষদের ষষ্ঠ বৈঠকে রাজ্য সরকারগুলির উদ্দেশ্য প্রধানমন্ত্রীর বার্তা, কেন্দ্রের বাজেটের আদলেই হোক রাজ্যের বাজেট। দেশের উন্নয়নের স্বার্থেই কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর দিয়ে এই বার্তা প্রধানমন্ত্রীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে বাজেট তৈরি করুক রাজ্য। কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য বাজেট করুক।"
পাশাপাশি প্রধানমন্ত্রীর আরও বলেন, "রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিয়েই পরিকল্পনা করা হচ্ছে। উন্নয়নই প্রাথমিক লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কর্পোরেট কর কমার সুবিধে নিক রাজ্য। দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত। কয়েকটি রাজ্য ভালো কাজ করছে। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে। গরিবদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।"
এরপরেই শুরু হয়েছে বির্তক। তৃণমূল, কংগ্রেস এবং বামেরা কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করে দাবি করেছেন, "প্রধানমন্ত্রীর সংবিধান বিরোধী এই প্রস্তাব দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করছে।"