গোটা বিশ্বের তুলনায় ভারতে কোভিড–১৯–এ আক্রান্ত হওয়ার গড় হার কম৷ তা সত্ত্বেও এ বছরের জানুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত করোনা অতিমারি প্রাণ কেড়েছে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার মানুষের৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছেন, এই রোগে মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ৷ এঁদের ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের নিচে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, কোভিড–১৯–এ আক্রান্তদের মধ্যেও পুরুষের সংখ্যা বেশি– ৬৩ শতাংশ৷ রিপোর্ট বলছে, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ৫২ শতাংশ আক্রান্ত হয়েছেন কোভিডে৷ যদিও কমবয়সীদের মধ্যে এই রোগে মৃত্যু হার যথেষ্ট কম৷ ১৮ থেকে ৪৪ বছর বয়সী রোগীদের মধ্যে মারা গেছেন মাত্র ১১ শতাংশ৷