ডাকটিকিটে ছবি থাকে দেশ কিংবা বিদেশের বিখ্যাত ব্যক্তিদের৷ এবার বেরিয়ে গেল কুখ্যাত মাফিয়া ছোটা রাজনের ছবি দেওয়া ডাকটিকিট। স্ট্যাম্পে ছাপা হয়েছে আরেক মাফিয়া বজরঙ্গি মুন্নার ছবিও৷ উত্তরপ্রদেশে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
ভারতের ডাক বিভাগ চালু করেছে ‘মাই স্ট্যাম্প’ নামে একটি নতুন প্রকল্প৷ এতে টাকার বিনিময়ে দেশের মানুষকে নিজের বা পছন্দের কোনও বিষয়ের ছবি দিয়ে ডাকটিকিট ছাপানোর সুযোগ দেওয়া হয়েছে৷ যদিও আপত্তিজনক কোনও ছবি ছাপানো যাবে না বলে নির্দেশ রয়েছে৷
ডাকবিভাগ ডাকটিকিট পিছু ৫ টাকা করে খরচ বেঁধে দিয়েছে৷ দেখা যাচ্ছে, এই দুই মাফিয়ার ছবি ডাকটিকিটে ছাপাতে খরচ করা হয়েছে ৬০০ টাকা৷ কিন্তু কে বা কারা এই টাকা দিল, কী করেই বা সকলের চোখ এড়িয়ে মাফিয়াদের ছবি ছাপা হয়ে গেল– এসব প্রশ্নের উত্তর এখন অন্ধকারে৷ তাছাড়া, মাই স্ট্যাম্প প্রকল্পে ডাকটিকিট ছাপাতে হলে বিশেষ একটি ফর্মও পূরণ করতে হয়৷ কে বা কারা, কী উদ্দেশ্যে পূরণ করল সেই ফর্ম, তা–ও অজানা৷ পুরো ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কানপুরের ডাকবিভাগের আধিকারিকদের৷ তাঁরা মনে করছেন, দপ্তরের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে৷