গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিক সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ করে তুলেছিল। তখন থেকেই কেন্দ্র ও রাজ্যের গাইডলাইন মেনে জীবন যাপন করতে হচ্ছে সবাইকে। তবে নতুন বছরের শুরুতে অনেকটাই তীব্রতা কমেছে করোনার। ফলে আবারও নয়া করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্র। সেই নতুন নির্দেশিকা আগামী ২৮ ফেব্রুয়ারি অবধি প্রযোজ্য থাকবে। এই নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে সুইমিং পুল ব্যবহার করা যাবে। এছাড়াও বিমান যাত্রার ক্ষেত্রে একাধিক ছাড় দেওয়া হয়েছে।
এছাড়াও নয়া নির্দেশিকার মাধ্যমিক কেন্দ্র জানিয়েছে এবার থেকে সিনেমা হলে বেশি সংখ্যক মানুষ যেতে পারবেন। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা খেলার অনুষ্ঠানে এত দিন অবধি ৫০ শতাংশ দর্শক যাবার অনুমতি ছিল। তবে এবার থেকে সেই বিধিনিষেধ সরিয়ে দিল কেন্দ্র। এর আগেই ট্রেন, স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, জিম ইত্যাদি খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু তখন সুইমিং পুল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল। তবে নয়া নির্দেশিকার পর সুইমিং পুল ব্যবহার করা যাবে। যদিও এই নির্দেশিকা প্রকাশের পরও কেন্দ্র সাধারণ মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড প্রটোকল মেনে চলার উপদেশ দিয়েছে।